ফিফা বিশ্বকাপে আবারও অঘটন। ডিআর কঙ্গোর বিপক্ষে হোঁচট খেয়েছে পর্তুগাল। রোনালদোর দলকে রুখে দিয়ে ১-১ গোলে ড্র করেছে কঙ্গো। এদিকে হ্যারি কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ ব্যবধানের দাপুটে জয়।
কঙ্গোর বিপক্ষে শুরুটা ফেভারিটের মতোই করেছিল পর্তুগাল। মাত্র ৬ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায়। এতো অল্প সময়ের লিডে পর্তুগাল সমর্থকদের মনে গোল উৎসবের আশা জাগে। কিন্তু এক গোলের পরই পর্তুগাল মিডফিল্ড যেন ঘুমিয়ে পড়ে। প্রথমার্ধে আর উল্লেখযোগ্য কোনো আক্রমণ নেই।
সুযোগ কাজে লাগায় কঙ্গো। প্রথমার্ধের যোগ করা সময়ে উইজার দারুণ এক হেডে সমতায় ফেরে আফ্রিকার দেশটি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। কিন্তু কঙ্গোর জমাট ডিফেন্স ভাঙতে পারেনি। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে কঙ্গো ইতিহাস গড়ল। পর্তুগালের বিপক্ষে ড্রয়ে, অর্জন করে নিল একটি পয়েন্ট।
পর্তুগালের এই হোঁচটে ৪১ বছর বয়সী রোনালদোর দায় দেখছেন অনেকে। স্ট্রাইকিং পজিশনে নিষ্প্রভ ছিলেন সিআর সেভেন। প্রথম ফুটবলার হিসেবে ৬ নম্বর বিশ্বকাপে অংশ নেয়ার মাহেন্দ্রক্ষণ হ্যাটট্রিকে রাঙান মেসি। একই দিন একই রেকর্ডে রোনালদো ভাগ বসালেন বটে। তবে ম্যাচ শেষে ফিরলেন শূন্য হাতে।
গোটা ম্যাচে মাত্র ২৫ বার বল টাচ করতে পেরেছেন রোনালদো, যেটি তার বিশ্বকাপ ক্যারিয়ারে অন্তত ৮০ মিনিট খেলা ম্যাচগুলোর মধ্যে সর্বনিম্ন। কোচ রবার্তো মার্তিনেজ কেন আগেভাগে তাকে তুলে নিলেন না, সে প্রশ্ন উঠেছে জোরালোভাবে।
এদিকে রোমাঞ্চকর লড়াই হয়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যে। প্রথমার্ধেই হ্যারি কেইনের জোড়া গোল। এই অর্ধে ইংল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
এমন স্কোরলাইন বিরতির পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধে অতি আক্রমণাত্মক হয়ে ওঠা ইংল্যান্ডের সাথে পেরে ওঠেনি ক্রোয়েশিয়া। অসাধারণ ক্ষিপ্রতায় বেলিংহামের গোলের পর, রাশফোর্ডও স্কোরশিটে নাম লেখান।
এই জয়ের মধ্য দিয়ে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড।