আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে সর্বকালের সেরা মনে করলেও অন্য এক তারকাকে নিজের আদর্শ মনে করেন স্প্যানিশ তারকা ফুটবলার লামিন ইয়ামাল। বার্সেলোনার ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জানিয়েছেন, মেসি ইতিহাসের সেরা হলেও তাঁর নিজের আদর্শ ব্রাজিলিয়ান তারকা নেইমার।
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে মেসিই ইতিহাসের সেরা। এরপরও যদি কারও মনে কোনো সন্দেহ থাকে, তবে বুঝতে হবে তারা ইচ্ছা করেই সেই সন্দেহ পুষে রেখেছে। এখানে নতুন করে বলার আর কিছু নেই। আমার আদর্শ নেইমার, তবে মেসিই সেরা।’
গত বুধবার কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত এক পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। তাঁর হ্যাটট্রিকে ভর করে হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করেছে আলবিসেলেস্তেরা।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা নিয়ে গেছেন ১৬-তে। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন তিনি।
প্রায় ৩৯ বছর বয়সে হ্যাটট্রিক করে মেসি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোল করার রেকর্ডও নিজের করে নিয়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল ক্যামেরুনের রজার মিলারের। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।