ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাদ পড়ে যাওয়ায় টিকিটের দাম অনেকটাই সস্তা হয়ে গেছে। মূলত স্বাগতিক দেশের দর্শকদের টিকিটের চাহিদা কমে যাওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে।
সেকেন্ডারি টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, গত শুক্রবার স্পেন ও বেলজিয়ামের ম্যাচের টিকিটের দাম ৬৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল।
গত সোমবার যুক্তরাষ্ট্রের হারের আগে টিকপিকে শুক্রবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল প্রায় ৩ হাজার ২০০ মার্কিন ডলার। কিন্তু যুক্তরাষ্ট্র খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় সেই টিকিটের দাম নেমে আসে প্রায় ১ হাজার ১০০ ডলারে।
একইভাবে গত রোববার ইংল্যান্ডের কাছে মেক্সিকোর পরাজয়ের পর শনিবার মায়ামিতে অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিটের দামও ৪৫ শতাংশ কমেছে। আগে সবচেয়ে কম দামের টিকিট ছিল প্রায় ৪ হাজার ডলার, এখন যা নেমে এসেছে প্রায় ২ হাজার ডলারে।