‘ইংল্যান্ডের বিপক্ষে খেলতে চায় না, তবু দায়িত্ব এড়ানোর সুযোগ নেই’

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের কারণে মাঠে নেমে জয়ের জন্যই লড়বে তাঁর দল।

শুক্রবার সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘এটি কোনো প্রীতি ম্যাচ নয়, এটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আমার দায়িত্ব হলো শেষ লক্ষ্যটি অর্জন করা। অবশ্যই এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না। কিন্তু আমরা এখানে আছি।’

বিশ্বকাপ ফাইনালে না যেতে পারায় হতাশ ফরাসি কোচ বলেন, ‘সেমিফাইনালে হারের পর এমন ম্যাচ খেলতে কোনো দলেরই আগ্রহ থাকে না। তবুও ফ্রান্সের লক্ষ্য থাকবে ব্রোঞ্জ পদক জিতে বিশ্বকাপ শেষ করা। আমাদের লক্ষ্য তৃতীয় হওয়া। এই জার্সি পরে মাঠে নামলে দায়িত্ব পালন করতেই হবে। আমি জানি, এটি আমার শেষ ম্যাচ। শেষটা কাছাকাছি, কিন্তু জীবন চলতেই থাকবে।’

মায়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি হবে ফ্রান্সের কোচ হিসেবে দেশমের শেষ ম্যাচ। তাঁর অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স, আর ২০২২ সালে রানার্স-আপ। এবারও শিরোপার অন্যতম দাবিদার ছিল দলটি, কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় এমবাপ্পেদের।