মেসিকে আবেগঘন চিঠি লিখলেন দি মারিয়া, কী আছে এতে

সদ্য সমাপ্ত বিশ্বকাপের শেষটা হতাশাজনক হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয় শিরোপাজয়ের খুব কাছেই ছিল আর্জেন্টিনা। কিন্তু মেটলাইফের ফাইনালে স্পেনের কাছে স্রেফ ধসে পড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এই ম্যাচে মেসিও তেমন কিছু করতে পারেননি।

তবে টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন দুর্দান্ত। ৩৯ বছর বয়সেও ৮ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল। বলতে গেলে একাই আর্জেন্টিনাকে টেনে ফাইনালে তুলেছিলেন মেসি। এরপরও মেসিকে থাকতে হয়েছে পরাজিত দলে।

বিশ্বকাপ শেষে মেসিকে নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন দি মারিয়া। ইনস্টাগ্রামে লেখা ওই চিঠিতে মেসির প্রতি আবেগ ও ভালোবাসা জানাতে ভোলেননি আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার।

ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি ইতিহাসের সর্বকালের সেরা।’

চিঠির শেষ অংশে দি মারিয়া লিখেছেন, ‘তোমার নাম চিরকাল অমর হয়ে থাকবে।’

উল্লেখ্য, মেসির সঙ্গে জুটি গড়ে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন দি মারিয়া। এছাড়া জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা। সর্বশেষ কোপা জয়ের পরই জাতীয় দলকে বিদায় জানান। অনেকেই এবারের বিশ্বকাপে দি মারিয়াকে মিস করেছেন। অনেকের মতে, দি মারিয়া থাকলে আর্জেন্টিনার আক্রমণভাগ আরেকটু শক্তিশালী হতো।