বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যেখানে মেসিকে সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘যা হয়েছে, ভুলে যাও। শুধু খেলো, শুধু খেলায় মনোযোগ দাও।’
মেসির ভাইরাল সেই ভিডিও নিয়ে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস প্রতিবেদন প্রকাশ করেছে। মেসির সেই বক্তব্যের সময় সতীর্থদের অনেকটাই বিমর্ষ দেখা গিয়েছে।
মাঠে নামার আগে ড্রেসিংরুমে দেওয়া ওই বক্তব্যে আর্জেন্টিনার অধিনায়ক প্রথমে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। মেসি বলেন, ‘চলো, সবাই শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকতে পারি।’ এরপরই মেসি সবচেয়ে রহস্যময় কথাটি বলেন, ‘যা হয়েছে, সব ভুলে যাও। শুধু খেলো। শুধু খেলায় মনোযোগ দাও, বন্ধুরা।’
স্পেনের কাছে ফাইনাল হারের পর মেসির সেই ভিডিও ঘিরে সন্দেহ ডানা মিলেছে। তবে কি মাঠে নামার আগে অদৃশ্য কোনো কিছুর চাপে ছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা নাকি এমন কিছু ঘটেছিল যাতে দলের আত্নবিশ্বাস তলানিতে চলে গিয়েছিল। আর সেজন্যই কী মেসি দলকে ছন্দে ফেরাতে এমন অনুপ্রেরণার কথা বলেছিলেন?
মেসি ঠিক কোন ঘটনার কথা ইঙ্গিত করেছিলেন, তা স্পষ্ট করেননি। তবে তার এই মন্তব্য নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন, ফাইনালের আগে এমন কী ঘটেছিল, যা ভুলে গিয়ে শুধু খেলায় মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন তিনি।
ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে বিতর্কও কম ছিল না। স্প্যানিশ গণমাধ্যম ও ফুটবল মহলের একটি অংশ অভিযোগ তুলেছিল, টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা নাকি রেফারিদের কাছ থেকে সুবিধা পেয়েছে। এ নিয়ে ম্যাচের আগে স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেও মন্তব্য করেছিলেন।
লাপোর্তে বলেছিলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের বিস্মিত করেছে। এমন কিছু সিদ্ধান্ত ছিল, যেগুলোর শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি।’
যদিও মেসির বক্তব্যের সঙ্গে এই বিতর্কের সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তার রহস্যময় মন্তব্য ফাইনালের পরও সমর্থকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। মেসির এমন বক্তব্যের এখন পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া গেলেও রহস্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন রদ্রিগো দি পল। নিজেদের ইনস্টাগ্রামে এক পোস্টে দি পল রীতিমত বোমা ফাটিয়েছেন।
এই আর্জেন্টাইন ফাইনাল হারের পর তাঁর পোস্টে লিখেছেন, ‘আজ আমি দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়েছে, শুধু এই কারণে যে তারা আর্জেন্টাইনদের অনুভূত সেই আনন্দ ও আবেগের অংশ হতে পারেনি। আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমরা যে এই পর্যায়ে এমনভাবে আছি—সেটাও তাদের বিরক্ত করে। কিন্তু এসবই প্রমাণ করেছে, নিজেদের জার্সির প্রতি আমাদের ভালোবাসা আর আবেগ সব বাধা অতিক্রম করার শক্তি রাখে।’



