আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
সিবিএফের দেওয়া বার্তায় বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া থেকে ভারত—ব্রাজিলের সফর চলতেই থাকবে। অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচের পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত। সেখানে আমরা আমাদের ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায় লিখব।’
বার্তায় আরও বলা হয়, ‘৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মাটিতে প্রথমবারের মতো খেলব আমরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিলের ফুটবলের ইতিহাসকে গভীর আবেগ দিয়ে অনুসরণ করে আসা ভারতের অনুরাগী ফুটবলপ্রেমীদের সঙ্গে এক বিশেষ মিলনমেলা হবে। লাখ লাখ ভারতীয় ভক্তের সঙ্গে সেই মুহূর্ত উদ্যাপনের জন্য আমরা রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। কলকাতায় দেখা হবে।’