ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারি আর্থিক সহায়তা মিলবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। ম্যাচ আয়োজনে বিশাল বাজেটের জন্য সরকারের সহায়তা মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে বাফুফে স্পন্সর যোগাড় করতে পারলে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন আমিনুল হক। ব্রাজিল-বাংলাদেশ ম্যাচকে ঘিরে সাময়িক উন্মাদনা তৈরি হলেও ফুটবলের সার্বিক উন্নয়নে লাভ হবে না, মনে করেন প্রতিমন্ত্রী।

এদিকে, ঢাকায় এসে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহের কথা জানিয়েছে ব্রাজিল। পাঁচ সদস্যের প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পর আলোচনা এগিয়েছে বাফুফের সঙ্গে। অক্টোবরে বাংলাদেশ-ব্রাজিলের ম্যাচ হতে পারে, সেই গুঞ্জনেই উন্মাদনা শুরু হয়েছে দেশের ফুটবলে। 

এই ম্যাচ আয়োজনে বিশাল বাজেট প্রয়োজন। সরকার থেকে অর্থের যোগান দেওয়া সম্ভব নয় বলে পরিষ্কার বার্তা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে ফুটবল ফেডারেশন যদি স্পন্সর থেকে অর্থ যোগাড় করতে পারে, সেক্ষেত্রে ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগীতায় পাশে থাকবে ক্রীড়া মন্ত্রণালয়। 

ব্রাজিল ফুটবল নিয়ে এ দেশে উন্মদনা টের পাওয়া যায় বিশ্বকাপ এলেই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা হবে স্বপ্নের মতো। কিন্তু দেশের সার্বিক ফুটবল উন্নয়নে একটি মাত্র ম্যাচের প্রভাব কতটুকু থাকবে, তা নিয়ে সন্দিহান ক্রীড়া প্রতিমন্ত্রী।

তবে এই ম্যাচ আয়োজনে বাফুফে ও ব্রাজিলের মধ্যে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কিনা, তা নিয়ে স্পষ্ট বার্তা নেই।