কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে গত ৫ নভেম্বর জাতীয় দল থেকে আচমকা অবসরের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোর সম্মানে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করলেও তাতে সায় দেননি ৪১ বছর বয়সী এ মহাতারকা। শেষমেশ রোনালদোকে ছাড়াই বিশেষ সম্মাননার ব্যবস্থা করে দেশটির ফুটবল ফেডারেশন।
সেজন্য বেছে নেওয়া হয় নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচকে। কিন্তু সেই সম্মান দেখানোর ম্যাচে ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার মুখে পড়েছে পর্তুগাল। ডেনমার্কের কাছে হেরেছে ৪-১ ব্যবধানে। ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে পর্তুগালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।
এখানেই শেষ নয়। যে ম্যাচে রোনালদোকে সম্মান দেখানোর কথা, সেই ম্যাচ শেষেই কি না রোনালদোকে নিয়ে আবারও ‘অপমানজনক’ মন্তব্য করেছেন জর্জ জেসুস। রোনালদোকে মিস করছেন কি না, এমন প্রশ্নের জবাবে পর্তুগাল কোচ জানিয়েছেন, শুধু সঙ্গ দেওয়ার জন্য কাউকে পাশে দরকার নেই তাঁর।
গতকালের ম্যাচে ফেরা যাক। জাতীয় দলে রোনালদোর দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের প্রতি সম্মাননা জানিয়ে এ ম্যাচে পর্তুগালের সবাই ‘রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি’ পরে মাঠে নেমেছিলেন। গ্যালারিতেও রোনালদোর সম্মানে বিশেষ টিফো নিয়ে হাজির হয়েছিলেন দলটির সমর্থকেরা। সেখানেই শেষ নয়, ম্যাচের ৭ম মিনিটে স্টেডিয়ামের বড় পর্দায় বিশেষ ভিডিও বার্তা দেখানো হয়।
কিন্তু সেই ম্যাচটা মনে রাখার মতো হলো না পর্তুগালের। হেরে গেল ৪-১ ব্যবধানে। ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি পর্তুগাল। দেশটির জন্য এটা কতবড় লজ্জার, সেটা অতীত পরিসংখ্যান দেখলেও বোঝা যায়। এর আগে প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে মোট চারবার একাধিক গোলের ব্যবধানে হেরেছিল পর্তুগাল। আর সর্বশেষ একাধিক গোলে হেরেছিল সেই ১৯৯৩ সালে।
তা এমন লজ্জার রেকর্ডে নাম লেখানোর ম্যাচে রোনালদোর অভাব অনুভব করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে পর্তুগাল কোচ বলেন, ‘রোনালদোকে কেন মিস করব? সে তো আর এখানে নেই! জাতীয় দলেই যখন সে নেই, তখন কীসের অভাব? শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য কাউকে প্রয়োজন হলে সেটা আলাদা কথা।’
পর্তুগাল কোচ রোনালদোকে মিস না করলেও গ্যালারিতে উপস্থিত সমর্থকেরা ঠিকই রোনালদোকে স্মরণ করেছেন। এমনকি ম্যাচ শেষে পর্তুগালের পারফরম্যান্সে হতাশ হয়ে মাঠেই দুয়ো দেন তারা। পাশাপাশি রোনালদোকে যে মিস করছেন, সেটাও বুঝিয়ে দেন সমর্থকেরা।
এ প্রসঙ্গে পর্তুগাল কোচ বলেছেন, ‘এর (দর্শকদের প্রতিক্রিয়ার) সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। এটা স্বাভাবিক। মানুষ তাঁকে মিস করে। জাতীয় দলের হয়ে ২৩ বছরে ক্রিস (রোনালদো) যা অর্জন করেছে, মানুষ তা কখনো ভুলবে না। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই।’
জর্জ জেসুস আরও বলেন, ‘দল যখন ৪-১ ব্যবধানে পিছিয়ে, তখন কিছু সমর্থক স্টেডিয়াম ছেড়ে চলে গেছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। কেউই সন্তুষ্ট নয়, কেউই খুশি নয়। নিজেদের মাঠে হারতে পারি, এমনটা আমরা ভাবিনি। আর হারলেও ৪-১ গোলে হারব, সেটি তো কল্পনাতেও ছিল না।’