বেনজেমা পেনাল্টি মিস করে বাদ, রোনালদো গোল করেই চলেছেন

করিম বেনজেমা বনাম ক্রিস্টিয়ানো রোনালদো – এবারের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সর্বোচ্চ গোলদাতার লড়াইটা এমনই হবে বলে মনে হচ্ছিল। গ্রুপ পর্ব শেষে যে বেনজেমা ৩ গোল নিয়ে ছিলেন তালিকার শীর্ষে, দুই নম্বরে থাকা রোনালদোর গোল ছিল ২টি। কিন্তু কোয়ার্টার ফাইনালেই সে লড়াইয়ের শেষ দেখা হয়ে গেল।

আজ কোয়ার্টার ফাইনালে আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে বাদ পড়েছে বেনজেমার আল ইত্তিহাদ, ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ ফরাসি স্ট্রাইকার। অন্যদিকে রোনালদোর আল নাসর ৩-১ গোলে হারিয়েছে মরক্কোর ক্লাব রাজা কাসাব্লাঙ্কাকে। ম্যাচে আল নাসরের প্রথম গোলটি করেছেন রোনালদো।

কোয়ার্টার ফাইনাল শেষে তাই সর্বোচ্চ গোলদাতার তালিকার যৌথভাবে শীর্ষে এক সময়ে রেয়াল মাদ্রিদে জুটি বেঁধে গোল করা দুই মহাতারকা বেনজেমা ও রোনালদো। তবে বেনজেমার আর খেলার সুযোগ নেই টুর্নামেন্টে, রোনালদো কমপক্ষে সেমিফাইনালে তো খেলবেনই!   

রেয়াল মাদ্রিদে চুক্তি শেষে এই মৌসুমে সৌদি আরবের আল ইত্তিহাদে যোগ দেয়া বেনজেমা টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৩ গোল করেছিলেন।  কিন্তু নকআউট পর্বের শুরুতেই বিদায় নিয়েছে তার দল। আজ কোয়ার্টার ফাইনালে আরেক সৌদি ক্লাব আল হিলালের কাছে হারের পথে বেনজেমার আরও বড় হতাশা – ম্যাচের ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি।

ম্যাচের গোলদাতাদের নাম অবশ্য আপনার চেনা। ১৪ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন এই মৌসুমেই লাৎসিও ছেড়ে সৌদি ক্লাবটিতে যোগ দেয়া সার্বিয়ান মিডফিল্ডার সের্গেই মিলিঙ্কোভিচ সাভিচ। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোলে ব্যবধান বাড়ান সৌদি জাতীয় দলের উইঙ্গার সালেম আল-দাওসারি, কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেসির আর্জেন্টিনাকে ২-১ হারানোর পথে সৌদি আরবের দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি।

এরপর ৫৬ মিনিটে ইত্তিহাদের হয়ে ব্যবধান কমান রোমারিনিও – নাম দেখেই হয়তো অনুমান করে নিতে পারছেন, রোমারিওর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকারের ছেলে রোমারিনিও। ৭০ মিনিটে আল হিলালের তৃতীয় গোলটি করেছেন বছর কয়েক আগে বার্সেলোনায় খেলা ব্রাজিলিয়ান উইঙ্গার মালকম।

এদিকে আল নাসরের হয়ে ঝলক দেখাতে রোনালদোর সময় লেগেছে ১৯ মিনিট। আন্দারসন তালিসকার কাট ব্যাক পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান পর্তুগিজ যুবরাজ। রোনালদোর গোলের উদ্‌যাপনে তার পাশাপাশি দলে যোগ দেয়া নতুন তারকা – সাবেক লিভারপুল উইঙ্গার সাদিও মানেরও ‘সিউউ’ উদ্‌যাপন নজর কেড়েছে।

গোল যা হওয়ার প্রথমার্ধেই অবশ্য হয়ে গেছে। ৩৮ মিনিটের মধ্যে সুলতান আল-ঘান্নাম ও এই মৌসুমেই লাঁস থেকে দলে যোগ দেয়া মিডফিল্ডার সেকো ফোফানার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। ৪১ মিনিটে আল নাসরেরই ডিফেন্ডার আব্দুল্লাহ মাদুর আত্মঘাতী গোলে ব্যবধান কমায় রাজা কাসাব্লাঙ্কা।

রোনালদো পুরো ম্যাচ খেললেও বেনজেমাকে আজই ছাড়িয়ে যাওয়া আর হলো না তার।