ম্যাচে থাকবেন কিনা এ নিয়েই প্রশ্ন ছিল। ফ্রেঞ্চ স্ট্রাইকার উইসাম বেন ইয়েদেরের বিপক্ষে ধর্ষণের অভিযোগ উঠেছে গত শুক্রবার। কিন্তু গতকাল মোনাকোর হয়ে ঠিকই একাদশে ছিলেন, জোড়া গোলও করেছেন ৩২ বছর বয়সী।
ইয়েদেরের জোড়া গোলে ক্লেরমঁ ফুতকে ৪-২ গোলে হারিয়েছে মোনাকো।
ম্যাচে ৭ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। ২৬ মিনিটে সমতায় ফেরে মোনাকো। ৪৩ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ইয়েদের। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল করে ক্লেরমঁ। ৭০ মিনিটে দলকে আবার এগিয়ে দেন ইয়েদের।
তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় কাল ম্যাচের পুরোটা সময় দুয়ো শুনতে হয়েছে সাবেক সেভিয়া ফরোয়ার্ডকে। দ্বিতীয় গোলের পর তাই বিশেষ উদযাপন করেছিলেন তিনি।
গত শুক্রবার ফ্রেঞ্চ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে গত জুলাইয়ের এক ঘটনায় ইয়েদের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন দুই নারী। ১৯ ও ২০ বছর বয়সী ওই দুই নারী বলেছেন, একটা পার্টি শেষে তাদের যৌন কর্মে অংশ নিতে বাধ্য করেছেন দুই ভাই।
গতকাল মোনাকর হয়ে এক শতম গোল করা ইয়েদের ও তাঁর ভাই ৯ লাখ ৯০ হাজার ইউরো দিয়ে আগাম জামিন নিয়েছেন।