বললেন উসমান কাদির

বাবরের সঙ্গে বন্ধুত্বে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে

দুজনের বন্ধুত্ব আজকের নয়। তাই বলে দুজনের ক্যারিয়ার-গ্রাফ যে একই পথে এগিয়েছে, বলা যাবে না। বাবর আজম যেখানে পাকিস্তানের অধিনায়ক, তিনি প্রায় এক বছর ধরে পাকিস্তান দলে জায়গা পান না।

বলা হচ্ছে কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে উসমান কাদিরের কথা। যিনি নিজেও বাবার মতো লেগ স্পিনার। যথেষ্ট প্রতিভাবান হওয়া সত্ত্বেও ফর্মের ওঠানামার কারণে দলে এখনও জায়গা করতে পারেননি। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, বাবর আজমের সঙ্গে বন্ধুত্ব করে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে তাঁর।

এই বন্ধুত্ব উল্টো দুজনের ওপরেই চাপের কারণ হয়েছে বলে জানিয়েছেন এই স্পিনার, ‘বাবরের সঙ্গে আমার বন্ধুত্ব নিয়ে মানুষের সমালোচনা যদি সত্যি হতো, তাহলে তো বলতে হবে আমার দল থেকে কখনও জায়গা হারানোরই কথা না। আসল কথা হলো, বাবরের সঙ্গে বন্ধুত্ব করার কারণে আমার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে, দুজনের ওপরেই বাড়তি চাপ এসেছে।’

বাবরের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণেই যে দলে জায়গা পেয়েছেন, এমন সমালোচনারও জবাব দিয়েছেন উসমান, ‘বাবরের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়। সেই অনূর্ধ্ব-১৫ দলের বাছাই থেকে আমরা একে অন্যকে চিনি। কিন্তু আমি তখনই দলে জায়গা পেয়েছি যখন বাবর অধিনায়ক ছিল। তাই বলে ব্যাপারটা এমন না যে ও অধিনায়ক বলেই আমাকে দলে নিয়েছে। আমাকে দলে নিয়েছেন মিসবাহ-উল-হক (তখনকার কোচ)। আমি আগেও বলেছি এ কথা। বাবর কেন আমাকে দলে নেবে? এটা কি ওর দল? বাবর নিজেও বলেছে এ কথা।’

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ পাকিস্তানের জার্সি গায়ে চড়িয়েছেন উসমান কাদির।