শোয়েব মালিক ও সানিয়া মির্জার পারিবারিক জীবন বহুদিন ধরেই সংবাদমাধ্যমের মুখরোচক খবর। এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে অনেকেরই ধারণা, এ দুজনের সংসার ভেঙে গেছে এবং দুজন আলাদা হয়ে গেছেন।
এমনিতেই দুজনকে ব্যস্ত থাকতে হয়। ভারতের সাবেক টেনিস তারকা তাঁদের সন্তান ইজহান মির্জা মালিককে নিয়ে দুবাইয়ে থাকেন। ওদিকে পাকিস্তানের জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া মালিক এখন পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষজ্ঞ মতামত দিতে ব্যস্ত থাকেন। আজ ইনস্টাগ্রামে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সানিয়া, যা দেখে সবাই ধরে নিয়েছে দুজনের সংসার ভাঙছে।
গত কয়েক মাস ধরে দুজনের বিচ্ছেদের খবর উড়ে বেড়ালেও এ ব্যাপারে সানিয়াকে কখনো মুখ খুলতে দেখা যায়নি। তবে শোয়েব এ ব্যাপারে কথা বলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সানিয়াকে স্ত্রী বলে সম্বোধনও করেছেন।
২০১০ সালে বিয়ে করেছেন দুজন। এর আগ থেকেই দুজনের সম্পর্ক নিয়ে বিতর্ক ছিল। তবে গত কয়েক বছরে দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। এ সম্পর্কে জিও নিউজে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘এক সঙ্গে থাকার জন্য খুব বেশি সময় পাই না আমরা, ওরা যখন (সানিয়া ও ইজহান) উমরাহ করতে গিয়েছিল তখন আমার এখানে (পাকিস্তানে) কাজ ছিল এবং আমি যখন ছুটি পেলাম এবং ইজহানের সঙ্গে সময় কাটালাম, তখন সানিয়া ব্যস্ত ছিল।’
পাঁচ বছর বয়সী ইজহানকে নিয়ে দুজন ব্যস্ত থাকেন এটা জানিয়ে শোয়েব বলেছেন, ‘সবার বোঝা উচিত আমরা ভিন্ন দেশের নাগরিক এবং আমাদের কাজ থাকে। আমি কোনো বিবৃতি দেইনি, সেও দেয়নি।’
এর মধ্যেই সানিয়ার এক ইনস্টাগ্রাম স্টোরি আজ ঝড় তুলেছে। স্টোরিতে সানিয়া লিখেছেন, ‘যতক্ষণ আমি কথা বলি, ততক্ষণই আমার আগ্রহ আছে । যদি চুপ থাকি, তার মানে আমার ইচ্ছা শেষ।’ এই জুটিকে নিয়মিত অনুসরণ করা ভক্তদের ধারণা, ভারত-পাকিস্তান মৈত্রীর প্রতীক বলে ধরে নেওয়া এই সংসারের সমাপ্তির কথাই বলছেন সানিয়া।