৮ বছরের ভারতীয় শিশু চমকে দিল বিশ্বকে

সুইজারল্যান্ডের স্টাডহস ওপেনে চমক জাগিয়েছে অশ্বত্থ কৌশিক নামের আট বছরের এক শিশু। ৮ বছর ৬ মাস বয়সী এই দাবারু গত রোববার ৩৭ বছর বয়সী পোলিশ গ্র্যান্ডমাস্টার জ্যাচেক স্টপাকে হারিয়ে দিয়েছে। এটাই সবচেয়ে কমবয়সে কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানোর বিশ্ব রেকর্ড।

তিন ঘণ্টা ধরে চলা এই ম্যাচে ভেঙে গেছে গত ১২ ফেব্রুয়ারিতে হওয়া বিশ্ব রেকর্ডটি। সার্বিয়ার বেলগ্রেডে ক্লাসিক্যাল এক টুর্নামেন্টে ২১৯৩ রেটিং ধারী ৫৯ বছর বয়সী বুলগেরিয়ান গ্র্যান্ড মাস্টার মিলকো পপশেভকে হারিয়ে দিয়েছিল সার্বিয়ার ৮ বছর ১১ মাস ৭ দিন বয়সী লিওনাইড ইভানোভিচ।  ৯ বছরের কমবয়সী কোনো দাবারু এই প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিল।

ইভানোভিচ রেকর্ডটি কেড়ে নিয়েছিলেন অ্যাওয়ান্ডার লিয়াংয়ের কাছ থেকে। ১৪ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়া এই আমেরিকান দাবারু ২০১২ সালে ৯ বছর ৩ মাস ২০ দিন বয়সে ল্যারি কফম্যানকে হারিয়েছিলেন। 

লিয়াংয়ের এই রেকর্ড ১২ বছর টিকে থাকলেও ইভানোভিচের রেকর্ড এক সপ্তাহও টেকেনি। গত রোববার ৮ বছর ৬ মাস ১১ দিন বয়সে ২৩৫১ রেটিংয়ের স্টপার বিপক্ষে জয় পেয়েছেন কৌশিক। তুলনা করতে চাইলে, বর্তমানের বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে হারাতে সাড়ে ১২ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

ভারতে জন্ম নেওয়া কৌশিক ও তার পরিবার সাত বছর আগে সিঙ্গাপুরে থিতু হয়। ইতিহাস গড়ার পর চেসডটকমকে কৌশিক বলেছে, ‘অনেক রোমাঞ্চ আর দুর্দান্ত লেগেছে। যেভাবে খেলেছি তাতে গর্বিত। কারণ এক পর্যায়ে খুব খারাপ হচ্ছিল, কিন্তু আমি সেখান থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি।’  

রেকর্ড গড়ার পরের ম্যাচেই অবশ্য ব্রিটেনের হ্যারি গ্রিভের হেরেছে কৌশিক। তাতে অবশ্য ইতিহাস গড়ার আনন্দ ম্লান হচ্ছে না। অশ্বত্থ কৌশিকের মা রোহিনি রমাচন্দ্রন আগেই বলেছিলেন, ‘আমরা খুব খুশি কিন্তু এ নিয়ে খুব উদ্‌যাপনের সুযোগ নেই কারণ ওকে আবার খেলায় মনোযোগ দিতে হবে। যখন পুরো পরিবার এক হব, তখন নিশ্চয় উদ্‌যাপন করব।’

চার বছরে দাবা খেলায় হাতেখড়ি অশ্বত্থের। বাবা বা মা কেউ দাবা না খেললেও র সঙ্গে খেলেই দাবা অনুশীলন করত অশ্বত্থ। সাধারণ প্রতিদিন দুই ঘণ্টা অনুশীলন করলেও ছুটির দিনে সাত-আধ ঘণ্টাও দাবা অনুশীলন করে অশ্বত্থ।