রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে বদল এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের মেয়াদ শেষে আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে নতুন সভাপতির আগমণ নিশ্চিত। এর বাইরে অনেক ফেডারেশনের নেতৃত্বে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এ তো গেল নেতৃত্বে বদল, সাংবিধানিক বদলও আসতে চলেছে। জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে আজ ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে মতবিনিময়ের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নীতিমালায় কিছু বদলের কথা বলেছেন। যার মধ্যে মূল আলোচ্য বিষয় – কোনো ক্রীড়া সংস্থাতেই একই পদে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না।
এর বাইরে ক্রীড়া সংস্থাগুলোকে তাদের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন ও ক্রমোন্নতির প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে পেশ করতে হওয়ার নিয়মও আনা হচ্ছে বলে জানিয়েছেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, বর্তমান পদ্ধতিতে ক্রীড়া সংস্থাগুলো স্বায়ত্তশাসিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফেডারেশনগুলোর বিভিন্ন কর্মকান্ডকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার ব্যাপারে নীতিমালা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। এর আগে দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সার্চ কমিটি গঠনের কথা মনে করিয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, সার্চ কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।
বিগত সরকারের সময়ে ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করা হয়েছে জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ক্রীড়াঙ্গনেকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে ক্রীড়ার মান উন্নয়নে বাজেট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পনসরদের ভূমিকা রাখার সুযোগ আছে বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।