বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। ভারতে অবস্থান করছিলেন একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিংয়ের জন্য। তবে ভারতের গুয়াহাটিতে গিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার।
নাজিব ইসমাইল রাসেলের আজ ম্যাচ পরিচালনার কথা ছিল। কোর্টে যখন তিনি আসছিলেন না, আয়োজকেরা তাঁর হোটেলে যায়। সেখানে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভাঙা হয়। ভিতরে গিয়ে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫২ বছর। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে নাজিব ইসমাইলের মৃত্যু হয়েছে। তবে এখনো সঠিক কারণ জানা যায়নি।
বাংলাদেশের ব্যাডমিন্টনে আম্পায়ার রাসেল পরিচিত মুখ। শুধু আম্পায়ারিং নয়, ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি। ১৩ ডিসেম্বর থেকে ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। নাজিবের ওপর নির্ভরশীল ছিল বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। আকস্মিকভাবে তাঁর চলে যাওয়ায় ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন কল্পনাই করতে পারছেন না ব্যাডমিন্টন-সংশ্লিষ্টরা। বাংলাদেশের এই আম্পায়ারের মরদেহ আনার চেষ্টা করছে ব্যাডমিন্টন ফেডারেশন।