সেই ভিয়েতনামেই ইতিহাস গড়ল বাংলাদেশ

গতকাল ভিয়েতনামের বিপক্ষে হামজা চৌধুরীরা ৩-০ গোলে হেরেছে। তবে ফুটবলের এমন হারের একদিন না যেতেই ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। যদিও এবার এই সফলতা এসেছে আর্চারি থেকে। 

আজ (শুক্রবার) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। 

আগে একক সফলতা এলেও এবার বাংলাদেশ একক বিভাগ,মিশ্র বিভাগ কোনো ইভেন্টের সেমিফাইনালেই যেতে পারেনি।

একমাত্র ভরসা ছিল কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট। যেখানে গত ২৫ মার্চ ফাইনালে উঠে বাংলাদেশ। 

আজ ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আর্চার—হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। নিয়ন্ত্রিতভাবে পয়েন্ট এনে শুরু থেকেই এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৩১-২২৫ পয়েন্টে জয় লাভ করে বাংলাদেশ।