দোষ করল নেট, মার খেল ক্যামেরা, ব্যথা পেল র‍্যাকেট

টেনিসের ৫ নম্বর বাছাই দানিল মেদভেদেভের সঙ্গে বিশ্বের ৪১৮ নম্বর খেলোয়াড় সামরেজের ম্যাচ। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের এ ম্যাচটা সহজেই জিততে যাচ্ছেন মেদভেদেভ, এটাই হয়তো ভেবেছিলেন সবাই। কিন্তু মেলবোর্ন পার্কে যা হয়েছে, সেটা কোনো মাথা ঘুরিয়ে দেওয়া থ্রিলার সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়!

টেনিস প্রেমীদের চেয়ে হয়তো মাথাটা বেশি ঘুরেছে মেদভেদেভরই। সামরেজের বিপক্ষে প্রথম সেটটা ৬-২ গেমে অনায়াসে জেতার পর দ্বিতীয় সেটে অবিশ্বাস্যভাবে ৪-৬ গেমে হেরে যান রাশিয়ান তারকা। এরপর তৃতীয় সেটেও পিছিয়ে পড়েন ৪০-১৫ পয়েন্টে। ওই সেটের শেষ গেমে সামরেজের একটি শট নেটে লেগে দিক পাল্টে যায়। কোনোমতে সেটি ফেরালেও থাই টেনিস তারকার ফিরতি শটে আর পেরে ওঠেননি মেদভেদেভ।

এরপর কোনোভাবেই মেজাজ ধরে রাখতে পারেননি ২৮ বছর বয়সী রাশিয়ান টেনিস তারকা।  নেটের মাঝামাঝি লাগানো ক্যামেরার কাছে গিয়ে রাগে-ক্ষোভে ক্যামেরায় আঘাত করতে থাকেন র‍্যাকেট দিয়ে। পরপর ৫টি আঘাত করে ক্যামেরার পাশাপাশি র‍্যাকেটও ভেঙে ফেলেন মেদভেদেভ।

পরপর দুই সেট হেরে এমন কাণ্ড করে বসলেও এরপরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান রাশিয়ান তারকা। চতুর্থ ও পঞ্চম সেটের শেষ হাসিটাও হাসেন বিশ্বের ৫ নম্বর বাছাই। শেষ পর্যন্ত পাঁচ সেটের থ্রিলার জিতে নেন ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১ ও ৬-২ গেমে।

মেলবোর্নে ৫ সেটের ম্যাচ খেলাটাকে যেন অভ্যাসে পরিণত করেছেন মেদভেদেভ। সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে প্রথম দুই সেট ৬-৩, ৬-৩ গেমে জিতলেও তৃতীয় সেটে হেরে বসেন ৪-৬ গেমে। এতে ম্যাচ গড়ায় চতুর্থ সেটে। সেখানেও ৪-৬ গেমে হারেন মেদভেদেভ। এরপর ফল নির্ধারণী পঞ্চম সেট হেরে বসেন ৬-৩ গেমে।

আজকের প্রথম রাউন্ডের ম্যাচটিসহ এ নিয়ে মেলবোর্ন পার্কে টানা ৪টি ম্যাচে ৫ সেট করে খেললেন মেদভেদেভ। এ নিয়ে অবশ্য ম্যাচ শেষে মজাও করেছেন রাশিয়ান তারকা, ‘যত বেশি খেলা হয়, তত ভালো খেলি, এটা আমি ভালো করেই জানি। তাহলে কেন দেড় ঘণ্টা খেলব? আরও ভালো শট এবং ভালো ফর্ম পেতে আমাকে কমপক্ষে তিন ঘণ্টা খেলতে হয়।’