শত বছর আগের এসব ভবিষ্যদ্বাণী কি মিলল?

আগামী ১০০ বছরের মধ্যে ঘটতে পারে এমন কয়েকটি ঘটনা নিয়ে ১৯২৪ সালে প্রতিবেদন প্রকাশ করেছিল একটি সংবাদপত্র। সেই পত্রিকার কয়েকটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে।

ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোল বলছে, পল ফেইরি নামে কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষণা সহযোগী সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডলে পুরোনো পত্রিকার কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোর সংবাদে বলা হয়েছে, ১০০ বছরের মধ্যে ঘোড়া (মূলত যোগাযোগের বাহন বুঝানো হয়েছে) বিলুপ্ত হয়ে যাবে। যান্ত্রিক গাড়ি বাড়বে। পডকাস্ট জনপ্রিয় হবে। মানুষের প্রত্যাশিত গড় আয়ু শত বছর হবে। এমনকি ৭৫ বছরের মানুষকে তরুণ বিবেচনা করা হবে। ২০২৪ সালে এসে এসব ঘটনা অনেকটাই মিলে যাচ্ছে।

এ ছাড়া ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে চলচ্চিত্র হবে সারা বিশ্বের শান্তির দূত। এটি সারা বিশ্বের যোগাযোগেরও ভাষা হয়ে উঠবে। মানুষ ঘরে বসে সিনেমা দেখবে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের উত্থান এসব ভবিষ্যদ্বাণীর ফলে যাওয়াকেই নির্দেশ করে।

কিছু কিছু ভবিষ্যদ্বাণী অবশ্য এখনো পুরোপুরি মেলেনি। যেমন, সকালে ঘুম ভাঙার পর স্বয়ক্রিয়ভাবে শিশুদের কাছ থেকে সরে যাবে বিছানা। তিনগুণ দ্রুত গতিতে চলবে ট্রেন এবং ট্রেনে বসে উপভোগ করা যাবে সিনেমা। মানুষ পাড়ি জমাবে এক গ্রহ থেকে আরেক গ্রহে।

পোস্টটির নিচে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন। অনেকে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘১০০ বছর আগে কীভাবে এসব চিন্তা করা যায়! আশ্চর্য!’

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান দেখে এই ভবিষ্যদ্বাণী করাই যায় যে, মানুষই এক সময় বিলুপ্ত হয়ে যাবে।’

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘যোগাযোগের মাধ্যম হিসেবে ঘোড়ার ব্যবহার সত্যই বিলুপ্ত হয়ে গেছে।’