শুটিংয়ে শেখা কৌশল কাজে লাগিয়ে ৪০ চুরি, গ্রেপ্তার স্টান্টম্যান

কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত করা কৌশল কাজে লাগিয়ে চুরি করতে গিয়ে গ্রেপ্তার হলেন তিনি। 

জাপানে ‘সুপার সেনতাই’ হিসেবে পরিচিতি লাভ করা একটি সুপারহিরো টিমের সদস্য ছিলেন ইয়াসুতোমো ইহারা। একসময় আইকনিক ‌‘গ্রিন রেঞ্জার’কে পর্দায় জীবন্ত করে তুলতে সাহায্য করেছিলেন তিনি। তবে চলতি বছরের শুরুর দিকে আবাসিক এলাকায় সিরিজ চুরির ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে জাপান পুলিশ। বর্তমানে এই স্টান্টম্যান লোকমুখে ‘স্পাইডার-ম্যান চোর’ হিসেবে কুখ্যাত!  

জাপানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাইতামা প্রিফেকচার নামের একটি এলাকা থেকে একাধিক চুরির অভিযোগে ইয়াসুতোমো ইহারাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ৪০টিরও বেশি চুরির ঘটনায় তিনি জড়িত ছিলেন। রাতের বেলায় দ্বিতীয় তলার জানালা কিংবা অন্যকোনো উপায়ে বাসা-বাড়িতে প্রবেশ করতেন এই স্টান্টম্যান। আর চুরি হওয়া জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ৮.২ মিলিয়ন ইয়েন।

পুলিশের ভাষ্য, স্টান্ট কৌশল ব্যবহার করে বাসা-বাড়িতে আরোহণ এবং সুনিপুণ তৎপরতায় ইয়াসুতোমো ইহারা চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েন। বছরের পর বছর ধরে এ কাজ করেছেন তিনি।

জানা যায়, ২০০৯ সালে হাঁটুতে আঘাতের কারণে ইহারার স্টান্ট ক্যারিয়ারে ইতি ঘটে। পরবর্তী সময়ে তিনি একটি স্থায়ী চাকরি খুঁজছিলেন, কেননা গুরুতর আহত হলে বিনোদন শিল্পে আর ফেরার সুযোগ থাকে না। একপর্যায়ে অর্থকষ্ট আরও প্রবল হয়ে দাঁড়ায়। তখন একটি নাট্য স্কুলের জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়েও কাজ করেন তিনি। কিন্তু সেই পদ্ধতিও আইনসিদ্ধ ছিল না।