পথে চুরি হয়ে গেল ১২ টন কিটক্যাট চকলেট

ইউরোপজুড়ে সরবরাহের জন্য ইতালির মধ্যাঞ্চল থেকে রওনা দেওয়া একটি ট্রাকসহ ১২ টন কিটক্যাট চকলেট বার চুরি হয়ে গেছে। সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে এই তথ্য নিশ্চিত করেছে।

নেসলের তথ্য অনুযায়ী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাকটিতে মোট ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি নতুন ধরনের কিটক্যাট চকলেট বার ছিল, যার ওজন প্রায় ১২ টন। এটি ইতালি থেকে প্রাথমিকভাবে পোল্যান্ডে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই ট্রাকটি নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত ট্রাক কিংবা চকলেটগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

ঠিক কোথায় এই চুরির ঘটনা ঘটেছে, সেই বিষয়েও বিস্তারিত জানায়নি নেসলে। চুরি হওয়া প্রতিটি চকলেট বারের সঙ্গে একটি বিশেষ ব্যাচ কোড রয়েছে। কেউ যদি সেই কোড স্ক্যান করে, তবে তাকে কিটক্যাটের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হবে। মূলত এভাবে চুরি হওয়া পণ্য শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, গত বছর নেসলে বিশ্বব্যাপী প্রায় ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করে। প্রতিষ্ঠানটি ব্যয় কমাতে এখন স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে প্রায় ১২ হাজার প্রশাসনিক কর্মী এবং আরও ৪ হাজার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের মধ্যে এই পদক্ষেপগুলো বছরে প্রায় এক বিলিয়ন সুইস ফ্রাঁ সাশ্রয় করতে সহায়তা করবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিটির প্রায় ২ লাখ ৭৭ হাজার কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরি।