নভেম্বর মাসে নির্যাতনের শিকার ৩০৬ নারী ও শিশু : এমএসএফ

চলতি বছরের নভেম্বর মাসে ৩০৬ টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যার মধ্যে ধর্ষণের ঘটনা ৪৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ৮টি, ধর্ষণ ও হত্যা ২টি। এর মধ্যে ৩ জন প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) দেওয়া নভেম্বর মাসের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সম্প্রতি এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ।এমএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এই  প্রতিবেদন তৈরি করা হয়।
  
প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে কঠোর আইন থাকা সত্বেও নারী নির্যাতন কমছে না। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতা যেমন: ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা, আত্মহত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা বিগত মাসগুলোর তুলনায় কিছুটা কমলেও তা অত্যন্ত উদ্বেগজনক।
   
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ধর্ষণের শিকার ৪৩ জনের মধ্যে ৯ জন শিশু, ১৫ জন কিশোরী রয়েছে। অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ২ জন কিশোরী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয় ২ জন কিশোরী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ১৮টি, যৌন হয়রানি ১৭টি ও শারীরিক নির্যাতনের ৪৬টি ঘটনা ঘটেছে। এ সময়ে ২৩ জন কিশোরী ও ৪৬ জন নারীসহ মোট ৬৯ জন আত্মহত্যা করেন। এ ছাড়া অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হন ১ জন নারী।

এ মাসে ১ জন শিশু ও ২ জন কিশোরী অপহরণের শিকার হয়েছে। অপরদিকে ৫ জন শিশু, ৩ জন কিশোরী ও ৩ জন নারী নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও নভেম্বর মাসে ১০ জনের অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৮২ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যার মধ্যে ২৫ জন শিশু ও কিশোরী রয়েছে। এ মাসে ১টি ধর্ষণের ঘটনায় ধর্ষকের সাথে ধর্ষণের শিকার কিশোরীর সঙ্গে বিবাহ দেওয়া হয়। এবং ধর্ষণের চেষ্টার ১টি ঘটনায় সমাজপতিরা আপোষ করেন। তারা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশে মীমাংসার সিদ্ধান্ত দেন।