সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস।
গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর বনানীর নটর ডেম ক্লাব অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সৌন্দর্যশিল্প খাতের উদ্যোক্তা, লেখক, কবি, সাংবাদিক, সৌন্দর্য বিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন অন্তরা রায়চৌধুরী। স্বাগত বক্তব্য দেন লাইফস্টাইল সাংবাদিক লাবণ্য লিপি। তিনি বলেন, আফরোজা পারভীন শুধু উদ্যোক্তাদের তুলে আনেননি, তাদের স্বাবলম্বী হতে এবং সমাজে ভূমিকা রাখতে মানসিক শক্তিও জুগিয়েছেন।
অনুষ্ঠানে সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলামাস খান বাংলাদেশের সৌন্দর্যসেবা খাতে নারীদের ভূমিকার কথা তুলে ধরেন। বাংলাদেশ উইমেনস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সংগীতা আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান নারী উদ্যোক্তাদের পথচলার বিভিন্ন বাধাবিপত্তি নিয়ে কথা বলেন। সংগীতা আহমেদ ‘চলো এগিয়ে যাই’-এর দ্বিতীয় খণ্ড প্রকাশের প্রত্যাশার কথা জানান। আর ফারজানা খান বইটির ১০০তম নারী উদ্যোক্তা হিসেবে যুক্ত হতে পারলে খুশি হতেন বলে মন্তব্য করেন।

বইয়ে স্থান পাওয়া উদ্যোক্তাদের মধ্যে মারুফ মুন্না, মহসিনা মুন্নি ও ইকরা আহসান চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁরা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার পথে বিভিন্ন প্রতিকূলতার অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি তাঁদের পথচলায় উজ্জ্বলা ও আফরোজা পারভীনের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক নাসিমা আনিস এবং লেখক, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফি।
নাসিমা আনিস বলেন, ‘সৌন্দর্য খাতে উদ্যোক্তা তৈরি করা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য, একজন নারী যখন নিজে আয় করেন, তখন পরিবার ও সমাজে তাঁর ভূমিকা আরও দৃশ্যমান হয়।’
নাহিদা আশরাফি বইয়ে স্থান পাওয়া উদ্যোক্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘একজন মেকআপ আর্টিস্ট শুধু বাহ্যিক সৌন্দর্য বাড়ান না, মানুষের আত্মবিশ্বাসও বাড়াতে ভূমিকা রাখেন।’
ধন্যবাদজ্ঞাপক বক্তব্যে আফরোজা পারভীন উজ্জ্বলার পথচলা, নারী সৌন্দর্যশিল্পী তৈরির উদ্যোগ এবং ‘চলো এগিয়ে যাই’ বই প্রকাশের উদ্দেশ্য তুলে ধরেন। পরে অতিথিদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনয়শিল্পী আফসানা মিমি। তিনি অনুষ্ঠানে শঙ্খ ঘোষের একটি কবিতার অংশবিশেষও পাঠ করেন। শেষে অন্তরা রায়চৌধুরীর গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



