জানুয়ারিতে ৮৩ কন্যা এবং ১২৬ নারী নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

২০২৪ সালের জানুয়ারি মাসে মোট ২০৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন।  এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ২৩ জন কন্যাসহ ২৯ জন। তারমধ্যে ৮ জন কন্যাসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ১ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ও ২ জন কন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়াও ৭ জন কন্যাসহ ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করা হয়। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারিতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১ জন কন্যাসহ ৪ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৩ জন কন্যাসহ ৫ জন। বিভিন্ন কারণে ৮ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। গতমাসে নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ১ টি। এসিডদগ্ধের শিকার হয়েছেন ১ জন কন্যাসহ ৫ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ২ জন। এরমধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। 

প্রতিবেদনে আরও জানানো হয়, এ ছাড়া জানুয়ারিতে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন। এরমধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৮ জন, এরমধ্যে ২ জন কন্যা। ৩ জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়াও ৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে, এরমধ্যে ১ জন কন্যা। ৬ জন কন্যাসহ ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন ।

 এ ছাড়া ৩ জন কন্যাসহ ৪ জন অপহরণের ঘটনার শিকার হয়েছেন। ৩ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১ টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৪ টি। এ ছাড়া ৩ জন কন্যাসহ ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।