বর্তমানে নারীরা এগিয়ে যাচ্ছে। নারী আন্দোলনে তরুণদের অংশগ্রহণ বাড়ছে। নারী আন্দোলনের ধারাবাহিতা অটুট রাখতে তরুণদের আরও বেশি সচেতন, সাহসী ও সোচ্চার হতে হবে। তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি রয়েছে। নারী আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আমাদের স্বপ্নটা বড় হতে হবে, তা না হলে নারী আন্দোলন অর্থহীন হয়ে পড়বে।
নারী অধিকার সংগঠন ‘প্রাগ্রসর’–এর উদ্যোগে ‘নারী আন্দোলনে তরুণদের সম্পৃক্তকরণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আন্তঃপ্রজন্ম সংলাপের আয়োজন করা হয়। আন্তঃপ্রজন্ম সংলাপে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এসব কথা বলেন। সোমবার ছায়ানট মিলনায়তনে এ আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রাগ্রসরের তরুণেরা নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরেন নারীর সংগ্রাম, স্বপ্ন ও সম্ভাবনার কথা। এ পর্ব সঞ্চালনা করেন ফৌজিয়া রিতা।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার আন্ত: প্রজন্ম সংলাপের প্রাসঙ্গিকতা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘নারী আন্দোলনে তরুণ সমাজকে যুক্ত করার জন্য আমাদের ক্ষেত্র তৈরি করা প্রয়োজন । প্রয়োজন অগ্রগামীদের সঙ্গে মেল বন্ধন তৈরি করা।’
আন্তঃপ্রজন্ম সংলাপে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, মানুষের জন্য ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম, সমাজ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মেঘনাগুহ ঠাকুরতা।
সংলাপে মানুষের জন্য ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন,‘জেন্ডার সমতা কেবল নারীর একার বিষয় নয়, এটি মানবাধিকার। তরুণদের অংশগ্রহণ ছাড়া এই সমতা অর্জন সম্ভব নয়। এ কাজে নারী পুরুষ সকলকেই যুক্ত হতে হবে। সমাজে নারীর জন্য একটি নির্দিষ্ট ফ্রেম তৈরি করা আছে, এই ফ্রেম ভাঙতে হলে পুরুষদের মানসিকতার পরিবর্তনও জরুরি।’
সংলাপে সমাজ বিশ্লেষক মেঘনা গুহ ঠাকুরতা বলেন, ‘নারীর অধিকার আদায়ের দৃষ্টিভঙ্গি থেকে নারী-পুরুষ উভয়কে কাজ করে যেতে হবে। আন্তঃপ্রজন্ম সংলাপ কেবল অভিজ্ঞতার বিনিময় নয়, এটি নারী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার একটি শক্তিশালী মাধ্যম।’
সংলাপে তরুণদের পক্ষ থেকে আলোচনায় যুক্ত হন সানজানা ইসলাম, শিক্ষক সাহনাজ খান, ফাহিম মুনতাসির। তারা বলেন,‘নারীর প্রতি সহিংসতা বন্ধে ও সমতার সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমরা নারীরা যতদিন না নিজেদের মানুষ হিসেবে মনে করবো, ততদিন পর্যন্ত আমরা পিছিয়ে থাকব। আমরা নারী আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে যুগপৎভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই।