নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কুইক রেসপন্স টিম কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

সারা দেশে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত কুইক রেসপন্স টিম কাজ করছে।

জাগো নারী উন্নয়ন সংস্থা আয়োজিত ‘প্রযুক্তি সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় নীতিগত সুপারিশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ কথা বলেন। ২৬ আগস্ট রাজধানীর গুলশানে একটি হোটেলে এ সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমানে বাল্যবিবাহের সংজ্ঞা পাল্টে গেছে। এর মূল কারণ হচ্ছে মোবাইল নামক যন্ত্র। মোবাইল প্রযুক্তির অপব্যবহারের ফলে ছোট ছোট মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে নারী নির্যাতনের শিকার হচ্ছে। অভিভাবকদেরকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। যাতে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে নারী সহিংসতা শিকার না হয়।

উপদেষ্টা বলেন, জাগো নারী উন্নয়ন সংস্থা, নারী পক্ষ, হিউম্যান রাইটস বাংলাদেশ, সাইবার টিনস  ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, বাংলাদেশ  লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট, ব্র্যাকসহ বাইশটি সংগঠন আজ নারী নির্যাতন প্রতিরোধে একযোগে কাজ করছে।

সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, এই ২২টি সংগঠনে যারা আছেন, তাদেরকে টেকনোলজির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত এবং সামাজিক ও পরিবারের সচেতনতাই পারে একটি মেয়েকে নির্যাতন থেকে রক্ষা করতে। এজন্য সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে।