রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় জবাবদিহি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করে জাতিসংঘ। রায় বাস্তবায়নে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি। তিনি বলেন, মিয়ানমারের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপে রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান হতে পারে।
রোহিঙ্গা সংকট সরেজমিন দেখতে বাংলাদেশে ১০ দিনের সফর করেন মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি।
বুধবার জাতিসংঘের দপ্তরে তিনি বলেন, কক্সবাজার ক্যাম্পে নিরাপত্তাহীনতা, মানবিক সহায়তা কমে যাওয়া এবং মিয়ানমারে চলমান সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
আইসিজে-তে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় নিয়ে কথা বলেন কেলি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত কেলি ই. কারি বলেন, ‘এই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের স্বীকৃতি মিলবে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে। জাতিসংঘের সব সদস্যের উচিত, রায় কার্যকরে সহায়তা করা।’
জাতিসংঘের বিশেষ দূত বলেন, আইসিজের বিচার নিয়ে মিয়ানমারে এরই মধ্যে মুসলিমবিরোধী মনোভাব উসকে দেয়া হচ্ছে। রায়ের পর পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলেও উদ্বিগ্ন কেলি।
বিশেষ দূত কেলি ই. কারি বলেন, ‘মিয়ানমারের জান্তা সরকার উগ্র বৌদ্ধ সংগঠনগুলোর সাথে যোগাযোগ করছে, যা সহিংসতা উসকে দিতে পারে। এসব গোষ্ঠীর কয়েকটি অতীতে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। নতুন সহিংসতা রোধে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে।’
মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর পদক্ষেপ হতে পারে বলে মনে করেন কেলি।
মানবাধিকার বিষয়ক বিশেষ দূত বলেন, ‘গণহত্যায় জড়িত কিংবা গণহত্যা রোধে ব্যর্থ ব্যক্তিদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের বিষয়টি বিবেচনা করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া বিনিয়োগ নয়, এমন শর্তও দিতে পারে বিভিন্ন দেশগুলো।’
জাতিসংঘের বিশেষ দূত বলেন, মিয়ানমারের সব দল-মতের মধ্যে সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব।