মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌশলীদের। প্রায় ৭ বছর ধরে চলা বিচারের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।
ঘরবাড়ি হারিয়ে, স্বজনদের ফেলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। বিচারের অপেক্ষায় কেটে গেল ৭ বছর। রোহিঙ্গাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বৃহস্পতিবার।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখের বেশি রোহিঙ্গা। ওই অভিযানে গণহত্যার অভিযোগ তুলে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। অভিযোগ করা হয়, ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত পর্যালোচনা করেছেন বিভিন্ন নথি, তথ্য-প্রমাণ ও সাক্ষ্য। গণহত্যার অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না।
রোহিঙ্গাদের পক্ষে আইনজীবীদের দাবি, রাখাইনে হামলা, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ ও যৌন নির্যাতন গণহত্যার সামিল কি না সেটাও প্রমাণ হবে। গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেয়া কয়েকজন রোহিঙ্গার সাক্ষ্য নিয়েছে আদালত।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, ২০১৭ সালের রাখাইনে সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে। মিয়ানমারে এখনও টিকে রয়েছে ৬ লাখেরও কম রোহিঙ্গা।
বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নেই গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রেও হতে পারে নতুন দৃষ্টান্ত। যার প্রভাব পড়তে পারে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলাতেও।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।


