আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি স্কুলের পাশে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে ৭ জন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছেন অন্তত ৯৯ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কুনার প্রাদেশিক সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভী সামিউল হক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই স্কুলের সীমানার সঙ্গে লাগোয়া একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরনের ধাক্কা লাগে স্কুলটিতেও।
মৌলভী সামিউল হক বলেন, ‘ওই বাড়ির বাসিন্দারা খনি ব্যবসার সঙ্গে যুক্ত। বাড়িটিতে ডিনামাইটের মজুত ছিল। আমাদের ধারণা, সেই ডিনামাইটই এ বিস্ফোরণের জন্য দায়ী।’
কুনার প্রাদেশিক প্রশাসনের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রাদেশিক ও কাবুলের কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি-না তা এখনো জানা যায়নি।