মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশু ও শিক্ষার্থীসহ ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী জোট সরকারের মুখপাত্রের বরাতে রয়টার্স এই তথ্য দেয়।
বৃহস্পতিবার বিকেলে সিনবাউংওয়ে শহরের একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় হামলা হয় বলে জানিয়েছে জাতীয় ঐক্যের সরকার। নিহতদের মধ্যে নয়জন বিদ্রোহী যোদ্ধা রয়েছে। সব মিলিয়ে মারা গেছেন নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক মানুষ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রামটিতে বিদ্রোহীদের আনাগোনা থাকলেও হামলার সময় কোনো সংঘর্ষ চলছিল না। তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
অন্যদিকে আরেকটি গ্রামে বাস্তুচ্যুতদের বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকারের বিমানবাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন।
২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। বিরোধী দলের হিসেবে এখন পর্যন্ত সামরিক বাহিনী ১৫ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। এতে ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি তাদের।