তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের বিভিন্ন এলাকা। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানী তাইপাইয়ের ভবনগুলো ভূমিকম্পে কাঁপলেও সেগুলো অক্ষত রয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১১ দশমিক ৯ কিলোমিটার (৭ দশমিক ৩৯ মাইল) গভীরে।
তাইওয়ানের চিপপ্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যাতে তাদের কর্মীদের সরিয়ে নিতে হয়। তাইওয়ানের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির একাধিক কারখানা রয়েছে।
দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ান। ফলে ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
২০১৬ সালে তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত হন। আর স্মরণকালের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি ঘটে ১৯৯৯ সালে। ওই ভূমিকম্পে প্রাণ যায় দুই হাজারের বেশি মানুষের।