ইতালিতে চলতি বছর জন্মহার আরও হ্রাস পেয়ে রেকর্ড সর্বনিম্ন স্তরে নামার পথে রয়েছে। এমন হলে দেশটির জনতাত্ত্বিক সংকট আরও গভীর হবে। আজ মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো আইএসটিএটি এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আইএসটিএটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর মাত্র ৩ লাখ ৭০ হাজার নতুন জন্ম রেকর্ড করা হয়েছিল, যা ১৮৬১ সালে ইতালি একীভূত হওয়ার পর থেকে সর্বনিম্ন এবং টানা ১৬তম বছরের মতো জন্মহার হ্রাস।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ২০২৫ সালের প্রথম সাত মাসেও এই নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যে ১ লাখ ৯৮ হাজারের কম নবজাতক জন্মগ্রহণ করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬.৩% কম। আইএসটিএটি আরও জানিয়েছে, প্রজনন হার জানুয়ারি থেকে জুলাই মাসে কমে ১.১৩-তে দাঁড়িয়েছে, যা গত বছরের রেকর্ড সর্বনিম্ন হার ১.১৮ থেকেও কম।
ইতালিতে দীর্ঘকাল ধরে কমতে থাকা জন্মহারকে একটি জাতীয় ‘জরুরি অবস্থা’ হিসেবে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার পূর্বসূরিদের পক্ষ থেকে এই সমস্যা মোকাবিলার প্রতিশ্রুতি সত্ত্বেও কেউই জন্মহারের এই পতন থামাতে পারেননি।
মঙ্গলবার প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে আইএসটিএটি জানিয়েছে, জনসংখ্যার এই ক্রমাগত সংকট এবং অবসরের বয়স ধীরে ধীরে বাড়ার ফলে কর্মীবাহিনীও ক্রমবর্ধমান হারে বয়স্ক হবে।
সংস্থাটি জানায়, ২০৫০ সালের মধ্যে ৫৫-৬৪ বছর বয়সী কর্মক্ষম বা কাজের সন্ধানকারী মানুষের সংখ্যা গত বছরের ৬১% থেকে বেড়ে ৭০% হবে। অন্যদিকে, ৬৫-৭৪ বছর বয়সী মানুষের মধ্যে এই হার ১১% থেকে বেড়ে ১৬% হবে।