ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈঠকে বসছেন কিয়েভ, মস্কো ও মার্কিন প্রতিনিধিরা। প্রায় ৯ মাস পর প্রথম ৩ দেশের মধ্যে সরাসরি এই ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে বৈঠকে ইউরোপীয় কর্মকর্তাদের অংশগ্রহণ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আলোচনায় ইউরোপের কোনো প্রতিনিধি থাকবেন না। ২ দিনের বৈঠক হবে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় কাঠামোতে।
যদিও এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানান, বৈঠকে ফরাসি প্রতিনিধিরাও অংশ নেবেন।
এদিকে, আলোচনায় নিরাপত্তা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ায় আমেরিকার অবস্থানকে স্বাগত জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসান, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা ও সংঘাত প্রশমনের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সোমবার প্যারিসে জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।