২ বিলিয়ন ডলারের সামরিক ড্রোন কিনছে ভারত

এ বছর দেশীয় সংস্থাগুলো থেকে দুই বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক ড্রোন কিনছে ভারত। দেশটি এর আগে এত বেশি মূল্যের সামরিক ড্রোন কেনেনি।

সরকারের সঙ্গে কাজ করা একটি শিল্প সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, বৈশ্বিক ও আঞ্চলিক সংঘাতের কারণে চাহিদা বাড়ায় ভারত এই ড্রোন কিনছে।

সংস্থাটির সভাপতি স্মিত শাহ বলেন, পরিকল্পনাগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডেলিভারির আশা করা হচ্ছে। এটি কৌশলগত শ্রেণির ড্রোনের জন্য সরকারের সাম্প্রতিক ৩১৩ মিলিয়ন ডলার মূল্যের অর্ডারের চেয়ে অনেক বেশি।

শাহ বলেন, পরবর্তী পর্যায়ে ভারতে কৌশলগত ড্রোন সংগ্রহের পরিমাণ ২০০ বিলিয়ন রুপি বা ২ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। তার সংস্থা ড্রোন ফেডারেশন ইন্ডিয়া ৫৫০টিরও বেশি কোম্পানির প্রতিনিধিত্ব করে এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।

শাহ বলেন, নতুন অর্ডারগুলো জরুরি অপারেশনাল চাহিদা মেটানোর জন্য ডিজাইন করা একটি ফাস্ট-ট্র্যাক সংগ্রহ পদ্ধতি অনুসরণ করতে পারে।

সম্ভাব্য ক্রয়াদেশটি নিয়ে মন্তব্যের অনুরোধে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।