জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
গত শনিবার রকেট হামলার পর হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ শুরু হয়। এতে গাজায় একের পর এক বোমা ফেলতে থাকে ইসরায়েলের সামরিক বাহিনী। এ পর্যন্ত প্রায় দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলেও মারা গেছেন ১ হাজার ৪০০।
এই সংঘাত শুরুর পর প্রথম শুক্রবার আজ। এদিন জেরুজালেমে পবিত্র আল আকসায় জুমার নামাজ আদায় করতে আসেন ফিলিস্তিনবাসী। এ সময় গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সমর্থনে তাদের মিছিলও দেখা যায়। তাদের থামাতেই এই কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েল।
তবে এই হামলায় কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি। এ ছাড়া আল আকসায় প্রবেশে অনেক ফিলিস্তিনিকেই বাধার মুখে পড়তে হয়। তরুণদের অনেককেই আল আকসায় প্রবেশ করতে দেয়নি ইসরায়েলের সেনারা। এ ছাড়া প্রত্যেকের আইডি ভালোভাবে যাচাই করা হয় এবং তল্লাশি চালানো হয়।
হামাসের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলেছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তের দিকে এগোতে শুরু করেছে ইসরায়েলি ট্যাংক। সেইসঙ্গে ভারী অস্ত্রও জমা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাস ফিলিস্তিনিদের নিজেদের বাড়ি ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছে।