ইয়েমেনে সংঘর্ষে ১৬ সরকারি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে অন্তত ১৬ জন সরকারি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মন্ত্রী ওয়ালিদ আল-কুদাইমি জানান, জাবাল দাব্বাস এলাকায় নিজেদের অবস্থানে থাকার সময় এসব সেনা সদস্য হতাহত হন।

তাঁর দাবি, সংঘর্ষে অর্ধশতাধিক হুতি যোদ্ধা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।

শুক্রবার রাতে হুতি যোদ্ধারা আকষ্মিক হামলা চালিয়ে কিছু সরকারি অবস্থান দখল করে নেয়। পরে সরকারি বাহিনী পাল্টা হামলা চালিয়ে শনিবার ভোরের মধ্যে সেসব এলাকা পুনর্দখল করে।