যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মতবিরোধ নেই বলে দাবি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগেফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেতানিয়াহু আরও জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আরেকটি শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের সঙ্গে মতবিরোধের গুঞ্জন নাকচ করে তিনি বলেন, শতকরা ৯৯ ভাগ ক্ষেত্রে দুই নেতা একমত হন। কোনো মতপার্থক্য হলে তারা সেটি আলোচনা করে সমাধান করে নেন।
নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র আমাদের আদর্শ বন্ধু। আমি মনে করি, যুক্তরাষ্ট্রেরও ইসরায়েলের চেয়ে বড় কোন মিত্র নেই। আব্রাহাম চুক্তি ও ইরান অভিযানের সফলতার পর অনেক দেশই আমাদের সঙ্গে জোটবদ্ধ হতে চাইবে।
এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হোয়াইট হাউজে একটি বৈঠকে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন নেতানিয়াহু।