ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু

গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ভেস্তে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরা বলছে, এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। ট্রাম্পকে নিয়ে নেতানিয়াহু বিপজ্জনক খেলায় মেতেছেন বলেও উঠে এসেছে প্রতিবেদনে।

গত ২৭ জুলাই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ৪ দিন পর গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প, যাকে হোয়াইট হাউস বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরে।

তবে রোববার ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে নেতানিয়াহু জানান, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই অবস্থান যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বড় ধাক্কা দিয়েছে। পাশাপাশি নতুন করে প্রশ্ন উঠেছে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্ক নিয়েও।

চলতি বছরের শুরুতে ২ নেতার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার খবর প্রকাশিত হয়েছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রকাশ্যে অসম্মানিত হতে পছন্দ করেন না। তাই নেতানিয়াহুর এই অবস্থান তাঁর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের মধ্যে ফিলিস্তিনপন্থী অবস্থান শক্তিশালী হচ্ছে। ইসরায়েলপন্থী লবিং সংগঠন এআইপ্যাক বিপুল অর্থ ব্যয় করলেও, ইসরায়েলকে সহায়তা কমানোর পক্ষে থাকা অনেক প্রার্থী প্রাইমারিতে জয় পেয়েছেন।

রিপাবলিকান দলের ওপর ট্রাম্পের প্রভাব এখনো ব্যাপক। বিশ্লেষকদের ধারণা, তিনি চাইলে ইসরায়েল ইস্যুতে দলের অবস্থানে বড় পরিবর্তন আনতে পারেন। তবে নেতানিয়াহুর ধারণা, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্প এমন পদক্ষেপ নেবেন না।

এদিকে, আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে তাঁর রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

গাজা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ ও ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্ক— সব মিলিয়ে ওয়াশিংটন-তেল আবিবের সম্পর্ক এখন নতুন পরীক্ষার মুখে বলছেন বিশ্লেষকরা।