কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর–পেন্টাগন। এ বিষয়ে গত সপ্তাহে গোপন স্মারক জারি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এই নির্দেশনার মাধ্যমে কানাডার সঙ্গে সামরিক যোগাযোগ ও সহযোগিতায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে পেন্টাগন।
তবে নতুন নিয়মে গোয়েন্দা তথ্য বিনিময়, ন্যাটো এবং যৌথ আকাশ প্রতিরক্ষা কমান্ডের কার্যক্রম ব্যাহত হবে না।
এরমধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী ডেমোক্র্যাট শিবির।
ডেমোক্র্যাট সিনেটর টিম কেইনের মতে, এই ধরনের নির্দেশনার কোনো প্রয়োজন ছিল না। আরেক ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসের মতে কানাডার সঙ্গে দূরত্ব ও বিভক্তি বাড়িযে দেয় আমেরিকার এমন কোনো কিছুই করা উচিত নয়।
এর আগে, ২০২৫ সালে আরোপিত বিধিনিষেধের কারণে পেন্টাগনের কর্মকর্তারা এবারের হ্যালিফ্যাক্স ফোরামে অংশ নিতে পারেননি।


