রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অভিযুক্ত করার ঐতিহাসিক রায়ে বদলে যাচ্ছে ইসরায়েলের আইনি লড়াইয়ের যৌক্তিকতা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-র এমন ভূমিকা গাজা সংক্রান্ত মামলায় ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। তাই গণহত্যার চেষ্টা প্রমাণের ক্ষেত্রে এই আইনি লড়াইয়ের নজির ইসরায়েলের অবস্থানকে জটিল করে তুলতে পারে। খবর রয়টার্সের।
নির্বাচনের ফলাফলের চাপে বিপাকে থাকা ইসরায়েলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা গণহত্যার বিচার।
কেননা মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার মাধ্যমে গণহত্যার অভিযোগ ও রাষ্ট্রের দায়বদ্ধতাকে মূল্যায়নের নতুন আইনি কাঠামো তৈরি করেছে আইসিজে। এদিকে গাজা সামরিক অভিযানের বিরুদ্ধে মামলায় আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিলেও চূড়ান্ত রায়ে পৌঁছায়নি। তবে মিয়ানমারের আত্মপক্ষ সমর্থনের যুক্তিগুলোর সঙ্গে ইসরায়েলের অবস্থানের বেশ কিছু মিল খুঁজে পেয়েছেন আইন বিশেষজ্ঞরা। যা খণ্ডনের আশঙ্কা ইসরায়েলের আইনি প্রতিরক্ষার সব কৌশল ভেস্তে দিতে পারে।
মিয়ানমারের বিরুদ্ধে রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, গণহত্যার চেষ্টা কোন লিখিত আদেশ বা সরাসরি বক্তব্য থেকে নয়, বরং সরকারের কর্মকাণ্ড এবং সামগ্রিক পরিস্থিতি থেকেও অনুমান করা সম্ভব। বেসামরিকদের মৃত্যু, বাস্তুচ্যুতি, মানবিক সংকট, ও সামরিক অভিযানের পক্ষে যুক্তি খতিয়ে দেখার ক্ষেত্রেও নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে আইসিজে। যা গাজার ক্ষেত্রেও প্রাসঙ্গিক।
সন্ত্রাসবিরোধী অভিযান কিংবা নিরাপত্তার অযুহাত গণহত্যার অভিযোগকে খারিজ করতে পারে না বলে ঐতিহাসিক এক রায় দিয়েছে আদালত। এমনকি রাষ্ট্রীয় তদন্তের অপেক্ষা না করে আদালত যেভাবে জাতিসংঘের তথ্যপ্রমাণের ওপর গুরুত্ব দিচ্ছে, তা ইসরায়েলেরও বিপক্ষেও যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।
এছাড়াও ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের ক্ষেত্রে আদালত হত্যা, গুরুতর ক্ষতি এবং জন্মহার নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি যৌন সহিংসতাকে গণহত্যার হাতিয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত। বিশ্লেষকদের মতে, এটি কেবল অভিযুক্ত রাষ্ট্র নয়, বরং সমর্থনকারী দেশগুলোর ওপরও নজরদারি বাড়াবে।