মিয়ানমারকে ‘জাতিগত নিধনের লক্ষ্যে’ নিয়ে নির্বিচারে রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ও হত্যাযজ্ঞে ‘জাতিগত নিধনের অভিপ্রায়’ ছিল বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আদালত এ রায় দেন।
খবর আল–জাজিরা ও মিডল ইস্ট আই’–এর প্রতিবেদনে বলা হয়, আদালত বলেছেন, মিয়ানমারের কর্মকাণ্ডের সামগ্রিক প্রমাণ বিশ্লেষণ করে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা পাওয়া যায় না। রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করাই ছিল ওই অভিযানের উদ্দেশ্য।
আদালত আরও বলেছেন, গণহত্যা সনদের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী রোহিঙ্গারা একটি সুরক্ষিত জাতিগত জনগোষ্ঠী।
আদালতের বিচারকেরা বলেছেন, ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য-প্রমাণ রয়েছে।
ওই অভিযানের আগে উত্তর রাখাইনে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেন আদালত। বিচারকদের মতে, সংখ্যার বিচারে এবং মিয়ানমারের মোট রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপাতে এই সংখ্যা একটি উল্লেখযোগ্য অংশ।
আদালত বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর বর্তায়।
৩ ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রমাণে দেখা গেছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
রায়ের কয়েকটি নির্দিষ্ট ঘটনায় মিয়ানমারের কর্মকাণ্ডে ‘জাতিগত নিধনের অভিপ্রায়’ ছিল বলে উল্লেখ করেন আদালতের প্রেসিডেন্ট।
আদালত বলেন, সামরিক অভিযানে সশস্ত্র বেসামরিক লোকজন অংশ নেওয়ার পরও গণহত্যার ঝুঁকি সম্পর্কে মিয়ানমারের সচেতন থাকা উচিত ছিল। জেনোসাইড প্রতিরোধে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন আইসিজে। ২০১৯ সালে গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অভিযান চালিয়েছে মিয়ানমার। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় গাম্বিয়া। একই সঙ্গে রোহিঙ্গাদের লক্ষ্য করে সব ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ এবং গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানায় দেশটি।
তবে মিয়ানমারের দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পরিপ্রেক্ষিতেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এর মধ্যে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থীশিবিরে অবস্থান করছে।


