গাজায় ইসরায়েলি হামলায় চলতি নভেম্বরে ১৬ স্কুলশিক্ষার্থী নিহত

চলতি নভেম্বরের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছে শিশুরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

২৬ নভেম্বর গাজার শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

এর আগের দিন ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন ইউসরা (১৫) ও জানা মোহাম্মদ আবু আল-ওউফ (১৩) নিহত হয়। তাদের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ ও মা নূরা এজ্জাত আবু আল-ওউফও ওই হামলায় প্রাণ হারান। 

গত ৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসির বির ১৯ এলাকায় ইসরায়েলি ট্যাংকের গোলায় নিহত হয় ১৫ বছর বয়সী দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ নিদাল বারবাখ। ১৩ নভেম্বর দেইর আল-বালাহতে কামানের গোলায় নিহত হয় ১২ বছর বয়সী আহমেদ আবু দাহের, তার বাবা ও এক নারী। 

বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী রয়েছেন।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবন সংস্কার বা পুনর্নির্মাণ প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুলে সরাসরি হামলা হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও কয়েক শ শিক্ষাকর্মী নিহত হয়েছে। দশ হাজার শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

এদিকে গাজায় শীত মৌসুমে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে শিশুরা। বিশুদ্ধ পানির সংকট, পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস ও মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে মেনিনজাইটিস সংক্রমণ বাড়ছে। অক্টোবরে ২৭০টির বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত তিন বছরে ইসরায়েলি যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু।