পাকিস্তানের কয়েকটি শহরে বায়ু দূষণ ভয়াবহ আকার নিয়েছে। ধোঁয়াশায় ছেয়ে গেছে লাহোরসহ পূর্বাঞ্চলের অনেক এলাকা। অসুস্থ হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পরিস্থিতি বিবেচনায় রোববার পর্যন্ত শাটডাউন ঘোষণা করা হয়েছে অন্তত তিনটি শহরে।
দূষণ পরিস্থিতিতে স্কুল,কলেজ ও সরকারি প্রতিষ্ঠান তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শ্বাসকষ্টজনিত রোগ, চোখের সংক্রমণ এবং চর্মরোগের জন্য দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় চিকিৎসকেরা। পাশাপাশি মাস্ক ব্যাবহার ও বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবিসি জানায়, দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় লাহোরসহ তিনটি শহরে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চার দিনের জন্য পরিবেশগত জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। দেশটির পাঞ্জাব সরকারের এক বিবৃতিতে বলা হয়, বায়ুদূষণ মোকাবিলায় লাহোর, গুজরানওয়ালা এবং হাফিজাবাদ বিভাগের সব বাজার, শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা, জিমনেসিয়াম, স্কুল এবং অফিস বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বন্ধ থাকবে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের শহরগুলোর বায়ুদূষণ নিয়ে নিয়মিত তথ্য দিয়ে থাকে। গত বুধবার আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় লাহোরের নাম উঠে আসে। তবে বর্তমানে দূষণ তালিকায় আট নম্বরে রয়েছে শহরটি।
এদিকে গত এক সপ্তাহ ধরে ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ ভয়ানক পর্যায়ে ছিল। তবে হালকা বৃষ্টির পর সেখানকার দূষণ পরিস্থিতির আজ অনেকটা উন্নতি হয়েছে। গতকাল দিল্লি ও নয়ডার অনেক এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা কমেছে। বায়ুদূষণ কমেছে উল্লেখযোগ্য হারে।
শুক্রবারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫ নম্বরে নেমেছে দিল্লি। অথচ গত এক সপ্তাহে ৪০০-এর বেশি স্কোর নিয়ে শীর্ষে ছিল। বর্তমানে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে কলকাতা। শহরটির বায়ুর মান ২৭৪, যা খুবই অস্বাস্থ্যকর।