পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়ায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। রয়াটার্স জানিয়েছে এ খবর।
স্থানীয় পুলিশের তথ্যমতে, বুধবার গভীর রাতে আফগান সীমান্তের কাছাকাছি ওই পুলিশ চেকপোস্টে প্রথমে বিস্ফোরকবোঝাই কোয়াডকপ্টার ড্রোন দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর পুলিশের সাথে কয়েক ঘণ্টা গোলাগুলি হলে ১৫ জন হামলাকারী নিহত হয়।
যদিও এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি কেউ। তবে কয়েকদিন আগে সেনাবাহিনীকে লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান।
সাম্প্রতিক আফগান সীমান্তবর্তী অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়েছে।