ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন যে কারণে আলাদা

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

আগামী এপ্রিলে ভারতের চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায়। আর আসাম, কেরালা, তামিলনাড়ু ও পণ্ডিচেরিতে ভোট হবে এক দিনে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ভোট অনুষ্ঠিত হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদি-অমিত শাহর দল বিজেপি। বিবিসি বাংলা বলছে, ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভোট হলেও দেশটির জাতীয় গণমাধ্যমে পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। এর বড় কারণ হলো পশ্চিমবঙ্গের রাজনীতি ও সমাজের কিছু নিজস্ব বৈশিষ্ট্য। গত ৫০ বছরের উল্লেখযোগ্য সময় পশ্চিমবঙ্গের শাসকদের প্রতিপক্ষরাই দিল্লির ক্ষমতায় ছিল। ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত এখানে রাজনৈতিক বাস্তবতা।

বিবিসির মতে, পাঁচটি কারণে এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে অন্যান্য রাজ্যের চেয়ে আলাদা করেছে।

নির্বাচনী সহিংসতা
নির্বাচনের আগে-পরে বা ভোটের সময় পশ্চিমবঙ্গে যে পরিমাণ রাজনৈতিক সহিংসতা দেখা যায়, তা সাধারণত অন্যান্য রাজ্যে হয় না। ভোটে পরাজিত পক্ষের কর্মী-সমর্থকদের ঘরছাড়া হওয়ার ঘটনাও এই রাজ্যে অত্যন্ত সাধারণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক—ভারতের এমন রাজ্য যেমন উত্তর প্রদেশেও এই চিত্র দেখা যায় না।

এর একটি সম্ভাব্য কারণ হলো, পশ্চিমবঙ্গে জনসংখ্যার অনুপাতে কৃষিজমির পরিমাণ কম। ফলে এটি সংঘাতের একটি ক্ষেত্র তৈরি করে দেয়। অন্যদিকে এই রাজ্যে ‘উইনার টেকস অল’ (জয়ী সব দখল করবে)—এই ধারণাটিই শাসকদের মধ্যে বেশি জনপ্রিয়। এর ফলে গ্রাম বা শহরে ক্ষমতাসীন দলের প্রভাবই থাকে বেশি এবং সাধারণ মানুষও এতে অভ্যস্ত।

এসআইআর বিতর্ক
ভারতে সম্প্রতি শুরু হওয়া ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোটার তালিকা ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া বিহার, উত্তর প্রদেশ, কেরালাসহ বিভিন্ন রাজ্যে সম্পন্ন হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এসআইআর ঘিরে যে পরিমাণ বিতর্ক হয়েছে, তা নজিরবিহীন। দেশটির সুপ্রিম কোর্ট পর্যন্ত এই সংকটের সুরাহা করতে পারছে না।

বিবিসি বাংলা বলছে, বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ পর্যায়ক্রমিকভাবে এই রাজ্যে এসে বসতি গড়েছেন। ১৯৪৭ সালের দেশভাগের সময় থেকেই ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে শরণার্থীদের স্রোত প্রবেশ করেছে। এ ছাড়া কলকাতা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর হওয়ায় আশপাশের রাজ্যগুলো থেকেও বহু মানুষ এখানে জীবিকার সন্ধানে এসেছেন এবং স্থায়ীভাবে থাকতে শুরু করেছেন। তবে তাঁরা যেহেতু এই রাজ্যের ‘ভূমিপুত্র’ নন, তাই নাগরিক অধিকার অর্জনের লড়াই তাঁদের লড়তে হয়েছে।

ভোটার তালিকায় নাম থাকা না-থাকাটা এই কারণেই পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটি বিরাট অংশের কাছে আবেগ আর অধিকারের প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসআইআর ইস্যু নিয়ে দিল্লি পর্যন্ত তোলপাড় করে ফেলেছেন। নির্বাচন কমিশনও এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করতে ব্যর্থ হওয়ায় জনক্ষোভ বেড়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর
চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সংসদীয় গণতন্ত্রে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৮৪ সালে প্রথমবার যাদবপুর আসন থেকে জিতে পার্লামেন্টে যাওয়ার পর থেকে তিনি একটানা সংসদ সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন। ফলে তিনি হয়ে উঠেছেন বিজেপির সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। ন্যাশনাল কংগ্রেসকে বাদ দিলে ভারতের জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী দল।

টানা ৩৪ বছরের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। সে সময় পুরো ভারতের রাজনীতিতেই এটি ছিল একটি মাইলফলক। ভারতের অন্য বিরোধী নেতাদের তুলনায় তিনি রাজনৈতিক গুরুত্বে অনেকটাই এগিয়ে। মমতা এবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে নেমেছেন। রাজ্যের রাজনীতিতে এখনো তাঁর বিপরীতে কোনো বিকল্প তুলে ধরতে পারেনি বিজেপি।

বিজেপির ‘শেষ ফ্রন্টিয়ার’
২০১৪ সালে বিজেপি প্রথমবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একক সরকার গঠনের পর ভারতের অনেক রাজ্যেই তারা জয়ী হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তারা পশ্চিমবঙ্গ জয় করতে পারেনি। ২০২১ সালের নির্বাচনে বিজেপি নেতা অমিত শাহ এখানে ২০০ আসনে জয়ী হওয়ার স্লোগান দিলেও শেষমেশ ৭৭ আসনেই থেমে যান। ফলে বিজেপির কাছে পশ্চিমবঙ্গ এখনো একটি স্বপ্ন।

পালাবদলের ধীরগতি
পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাস বলছে, রাজ্যের বাসিন্দারা একটি দলকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখেন। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গে প্রায় ৩০ বছর ক্ষমতায় ছিল ন্যাশনাল কংগ্রেস। ১৯৭৭ সালের ভোটে প্রথমবার ক্ষমতায় আসে বামফ্রন্ট। এরপর জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে দলটি একটানা ৩৪ বছর রাজ্য শাসন করেছে। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং গত ১৫ বছর ধরে দলটিই শাসন করছে। ভারতের বেশির ভাগ রাজ্যে নিয়মিত ক্ষমতার পালাবদল হলেও পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া বেশ ধীর।

‘অবভিয়াসলি, ইন্ডিয়া উইল টেক নেসেসারি অ্যাকশনস টু প্রটেক্ট ইটস ইন্টারেস্টস।’ বাংলাদেশের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার ঘোষণা আসার পর দিল্লি থেকে এল এমনই কড়া প্রতিক্রিয়া।...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
চলতি মাসের শুরুতেই ভারতের রাষ্ট্রপতির দফতর থেকে পাঠানো একটি ভুল ই-মেইল পুরো কূটনৈতিক পাড়ায় তোলপাড় ফেলে দেয়। এতে বলা হয়, দিল্লির রাষ্ট্রপতি ভবনে হতে যাওয়া চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি বাতিল করা...
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই আগস্টেই অন্তত দুবার চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তে বাতিল হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের আগে দিল্লিতে অনুকূল...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর