বরগুনার তালতলী উপজেলার মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের করেন ছেলে। এ ঘটনার জেরে বাবার ছুরিকাঘাতে সফিক হাওলাদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে সোমবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সফিক ওই গ্রামের হারুন হাওলাদারের (৫০) একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিক হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁকে তিনবার রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেন তিনি। চলতি বছরের ৭ অক্টোবর কারাগারে গিয়ে ১০ ডিসেম্বর মুক্ত হয়ে বাড়ি ফেরেন।
বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য বাবা হারুন হাওলাদারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। মঙ্গলবার দুপুরে আবারও বাবার কাছে টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় সফিক বাবাকে মারধর করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে হারুন হাওলাদার রান্নাঘরে থাকা ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে বাবা হারুন হাওলাদার পালিয়ে যান।
নিহতের মা রাসেদা বেগম কান্নাজড়িত কণ্ঠ বলেন, ‘ও (সফিক) আমাদের একমাত্র সন্তান ছিল। দীর্ঘদিন নেশার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। তিনবার রিহ্যাবে নিলেও কোনো লাভ হয়নি। জেল থেকে বের হয়ে এসে আবারও নেশার টাকার জন্য আমাদের মারধর করত। এখন সব শেষ।’
তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকাসক্ত ছেলের মারধরের জের ধরে বাবা ছুরি দিয়ে আঘাত করেন। অভিযুক্ত বাবা পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
ওসি আরও বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’



