ঝালকাঠির নলছিটি উপজেলায় খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতুর কাজে ২০ কোটি টাকা অগ্রিম নেওয়া হলেও অগ্রগতি নেই শীর্ষক সংবাদদের প্রকাশের পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে এলজিইডি কতৃপক্ষ।
গত ১৫ ফেব্রুয়ারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইনে–‘২০ কোটি অগ্রিম নিয়েও সেতু নির্মাণে অগ্রগতি নেই’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রচারিত হয়।
এতে ঝালকাঠি জেলার নলছিটি খেজুরতলা সওজ (দরগাবাড়ী) থেকে হলতা জিসি (নলছিটি বন্দর পর্যন্ত) ভায়া শিমুলতলা সড়কের খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নিয়ে সংবাদ প্রকাশ হয়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নলছিটি উপজেলা কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সেতুটি সিআইবিআরআর প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন। কাজটি স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়নের জন্য এম. এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও এম. এস. পোদ্দার এন্টারপ্রাইজ (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে সেতুর এবাটমেন্ট ও পিয়ার পাইল এবং এবাটমেন্ট ও পিয়ার পাইল ক্যাপ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সম্পাদিত কাজের বিপরীতে ২০ কোটি টাকা বিল পরিশোধ করা হয়েছে, যা কোনোভাবেই অগ্রিম হিসেবে গণ্য নয়।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, অগ্রিম বিল দেওয়া হয়নি। যেটুকু কাজ করা হয়েছে তার বিল দেওয়া হয়েছে, বরং বিলের চেয়ে বেশি কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, নলছিটি বন্দর ও আশপাশের এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ করতে খয়রাবাদ নদীর ওপর ৭৩০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণকাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।


অগ্রিম ২০ কোটি টাকা নিয়েও সেতু নির্মাণে অনিশ্চয়তা, এখনও বন্ধ নির্মাণকাজ
