কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিলল বিশালাকৃতির এক কোরাল মাছের। ২৩ কেজি ওজনের মাছটি সুন্দরবন এলাকায় জেলে ফারুক মাঝির জালে ধরা পড়ে। মাছটি বিক্রি হয় ৩০ হাজার ৬৪৫ টাকায়।
বুধবার সকালে কুয়াকাটা মাছ বাজারের জেলে ফারুক মাঝি কুয়াকাটা মৎস্য আড়তের খান ফিসে কোরাল মাছটি নিয়ে আসেন। মাছটির ওজন হয় ২২ কেজি ৭০০ গ্রাম। ডাকের মাধ্যমে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি হয়।
ফারুক মাঝি তালতলী থানার নিশান বাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মাছটি বাজারে নিয়ে এলে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
জেলে ফারুক মাঝি বলেন, ‘সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল ফেলার পরে ২৩ কেজি ওজনের কোরাল মাছটি পেয়েছি। মাছটি এ বাজারেই ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে।’
খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান বলেন, ‘এমন বড় সাইজের মাছের চাহিদা অনেক বেশি। তাই অনেক ভালো দামে বিক্রি করা যায়। দুদিন আগেও তারা অনেকগুলো মাছ বিক্রি করে গেছে।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি উপকূলের জেলেদের জন্য অত্যন্ত সুখবর। এমন সাইজের বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে। এটি নির্ধারিত সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞার একটি সুফল। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে উপকূলের জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবে বলে ধারণা করা যাচ্ছে।’



