ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রস্তাবনাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করায় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি স্বাক্ষরিত এক আদেশে এ আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার বেলা ২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জানা গেছে, শুক্রবার বেলা ৩টায় গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের উদ্যোগের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ গালুয়া বাজারে মানববন্ধনের আয়োজন করে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউএনও রিফাত আরা মৌরি জানান, গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় মাইক ও শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার বন্ধ থাকবে। এ ছাড়া নির্ধারিত এলাকার বাইরে সন্নিহিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল, সভা এবং লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।


