কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাসস্ট্যান্ডের কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত আল-মামুন ওরফে মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা অনেকের।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। ওসি বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।’
ওসি আরও বলেন, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসষ্ট্যান্ডে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামেন। এ সময় ৩ থেকে ৪ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।



